ওয়াশিংটন, ডি.সি. স্থানীয সময়:
টুইটারের দাম ১১ বিলিয়ন মার্কিন ডলার
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারের দাম ১১ বিলিয়ন মার্কিন ডলার। বিনিয়োগকারী গবেষণাধর্মী প্রতিষ্ঠান গ্রিনক্রেস্ট ক্যাপিটাল মাক্স ওল্ফ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
গতবছরের জুলাইয়ে টুইটারের দাম ছিল ৮ বিলিয়ন মার্কিন ডলার। টুইটারের দাম বৃদ্ধি পাওয়ার ওপর ওল্ফ কয়েকটি কারণ চিহ্নিত করে।
কোম্পানীর বিবৃতিতে বলা হয়, টুইটার ব্যাবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এতে নতুন নতুন সেবা সংযুক্ত করা হয়েছে।
বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনা কম বলেই শচিনের অবসর
গত বছরের ডিসেম্বরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শচিন টেন্ডুলকার। ২৩ বছরের বর্ণাঢ্য ক্রিকেট জীবনের অধিকারী এই লিজেন্ড ক্রিকেটের ইতিহাসে অনেক বিরল রেকর্ডের জনক। তবে বিদায়ের ক্ষণটি শুভ হয়নি তার। মাঠ থেকে অবসর নিতে পারেননি । পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সেই দল ঘোষণার আগেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন টেন্ডুলকার। অবসরের সিদ্ধান্তের পর জনসম্মুখে খুব কমই বক্তব্য দিয়েছেন তিনি। এবার অবসরের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করছেন তিনি। শচিন মনে করেন ভারত একদিনের বিশ্বকাপ ক্রিকেটের বর্তমানে চ্যাম্পিয়ন। পরবর্তী বিশ্বাকপেও তারা শিরোপা জয়ের আশা করছে। তার জন্য এখন থেকেই কাজ করতে হবে। যেহেতু সেই দলে তার থাকার সম্ভাবনা কম তাই তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন। এনডিটিভি ও কোকাকোলা আয়োজিত এক স্কুল ক্যাম্পেইনে এমন বক্তব্য দেন টেন্ডুলকার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে শিরোপা জয়ের জন্যই যাবে ভারত। আমি বুঝতে পেরেছিলাম সেই দলে আমার থাকা হচ্ছে না। তখন বিশ্বকাপের জন্য একটি ভারসাম্যপূর্ণ দল তৈরির সুযোগ দিতেই আমি অবসর নেই।’ ক্রিকেটে অনেক ইতিহাসের সাক্ষী টেন্ডুলকার টেস্ট ও ওয়ানডে মিলে ৩৪ হাজারের ওপরে রান করেন। যার মধ্যে ক্রিকেট ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি করার রেকর্ডও গড়েন তিনি।
লাদেন নিহত হওয়ার স্থানে বিনোদন কেন্দ্র হচ্ছে
অ্যাবোটাবাদের যে স্থানে আলকায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হয়েছিলেন সেখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী সাইয়েদ আকিল শাহ সোমবার এ কথা জানান। এ বিনোদন কেন্দ্র গড়ে তুলতে প্রায় ৫০ মিলিয়ন ডলার ব্যয় হবে বলে জানান তিনি। ২০১১ সালে সামরিক স্থাপনা অধ্যুষিত অ্যাবোট্টাবাদের একটি বাড়িতে নিহত হন লাদেন। আমেরিকান নেভি সিল কমান্ডোদের এক বিশেষ অভিযানে নিহত হন তিনি। -ডন। আকিল শাহ জানান, বিনোদন কেন্দ্রে চিড়িয়াখানা, প্যারাগ্লাইডিংসহ বিভিন্ন বিষয় থাকবে। লাদেন নিহতের ঘটনায় অ্যাবোটাবাদের যে দুর্নাম হয়েছে তা ঘোচানোর জন্য নয় বরং নিয়মিত উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে এই বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।
বানান ভুল করলে সঙ্কেত দেবে কলম!
বানান ও ব্যাকরণে যারা কাঁচা তাদের চিন্তার কোনো কারণ নেই। এ ধরনের ভুল দূর করতে নতুন একটি কলম তৈরি হয়েছে। লেখার সময় ভুল হওয়ামাত্র কলমটি সতর্ক করে দেবে। ভুল লেখার সময় কম্পন করে লেখকের দৃষ্টি আকর্ষণ করবে। শিশুদের ত্রুটিমুক্ত হাতের লেখা শেখাতে কলমটি তৈরি হয়েছে। জার্মানির ‘লার্নস্টিফট’ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান সর্বোচ্চ প্রযুক্তিনির্ভর কলমটি তৈরি করেছে। লার্নস্টিফটের পক্ষ থেকে জানানো হয়, এই কলমের অভ্যন্তরে স্থাপিত সেন্সর যন্ত্রটি ব্যাকরণগত এবং শব্দগত ভুল ধরতে সক্ষম। তাছাড়া সাধারণ যেকোনো ধরনের লেখার পাশাপাশি এই কলম দিয়ে ক্যালিওগ্রাফি মুডেও লেখা যাবে। এ ক্ষেত্রে শুধু মুডটা নির্বাচন (সিলেক্ট) করে নিতে হবে। কলমটির আবিষ্কারক ফক ও ম্যানডি ওলস্কি বলেন, ‘আমাদের সন্তান প্রথম যে লেখাটি লিখেছিল সেটি অনেক ভুলে ভরা ছিল। এই কারণে আমরা এ ধরনের কলম আবিষ্কারে মনস্থির করি।’ তারা মনে করেন, এ কলমের মাধ্যমে শিশুরা নির্ভুল এবং দ্রুত লিখতে সক্ষম হবে। নির্মাতা প্রতিষ্ঠান লার্নস্টিফট আরও জানিয়েছে, সব বয়সী মানুষই এ কলম ব্যবহারে উপকৃত হবেন। ডেইলি মেইল
বৃটেনে সমকামী বিয়ে ইস্যুতে সিদ্ধান্ত আজ
ইংল্যান্ড ও ওয়েলসে সমকামী বিয়ে বৈধ করা হবে কিনা সে বিষয়ে বৃটেনের পার্লামেন্টে সিদ্ধান্ত হবে আজ। হাউস অব কমন্সে পার্লামেন্ট সদস্যরা প্রস্তাবটির পক্ষে ও বিপক্ষে তাদের যুক্তি তুলে ধরবেন। ধারণা করা হচ্ছে, আজকের অধিবেশন একটি উত্তপ্ত বিতর্কে গড়াতে পারে। গত ২৪শে জানুয়ারি সমকামী বিয়ে বৈধ করতে পার্লামেন্টে একটি প্রস্তাব পেশ করা হয়। আজ দ্বিতীয়বার প্রস্তাবটি পার্লামেন্টে পড়ে শোনানোর পর এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। বিভিন্ন ধর্মীয় সংস্থা ও উপাসনালয়গুলোর যদি সমকামী বিয়ের অনুষ্ঠানে আয়োজনে আপত্তি না থাকে সেক্ষেত্রে তারাও এর অংশ হতে পারবেন। কিন্তু ইংল্যান্ডের খৃষ্টান যাজক সমপ্রদায় এ ধরনের বিয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে আগেই। এদিকে বিলটি পাশ হলে, ট্র্যান্সসেক্সুয়াল জেন্ডারের বা শারীরিকভাবে এক লিঙ্গের অধিকারী হয়েও যারা নিজেদের ভিন্ন লিঙ্গের মনে করেন তাদের দাবিও রক্ষা হবে। তাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হবে। সেক্ষেত্রে তাদের বিবাহিত জীবনেরও ইতি টানতে হবে না।

































































































































































